
ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। গত রোববার (৫ ডিসেম্বর) ভোরে আবহাওয়া খারাপ কারণে ঘাটের দিকে ফেরার পথে পেছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এতে ১২ ঘণ্টা পর হাফিজুর রহমান নামে একজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ২০ জেলে। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরার ট্রলার ওই জেলেকে উদ্ধার করেছে।
এর আগে, রোববার (৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকায় ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার ও মালিকের নাম জানা যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আরটিভি নিউজকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরী আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রোববার ভোররাতে আমিনাবাদ এলাকায় ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়।
একদিন পর সোমবার রাত ১১টার দিকে এক জেলে উদ্ধার হলেও বাকি ২০ জেলেসহ ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, ট্রলারটি উল্টো হয়ে তলিয়ে গেছে। তাই বাকি ২০ জন জেলের জীবন নিয়ে সবাই শঙ্কিত। এ সময় একটি তক্তার ওপর ১২ ঘণ্টা ভাসমান ছিলেন হাফিজুর রহমান।
এমআই/টিআই




