
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুটি পরিবারের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এ সময় শিশুদের সঙ্গে দুই পরিবারের সদস্যরা এসে যোগ দেন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ৪০ জন আহত হনে।
বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদম্বতলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।
আহতরা হলেন, মনিরা বেগম (১৮), দিলশান মিয়া (৩৫), ফুলরাজ মিয়া (৩০), আশিক মিয়া (৫৫), মনরাজ মিয়া (২৮), ধনরাজ মিয়া (২৫), সুজিনা বেগম (১৮), জিল্লুর রহমান (১৩), এমদাদুল হক (৪০), জহির মিয়া (৩৫), সোহাগ মিয়া (২২), সাদির মিয়া (৩৫), শামসুল ইসলাম (৩৫) আনহার মিয়া (২৩), রাজু মিয়া (১৫), লিটন মিয়া (২০), কাজল মিয়া (৫০), আবু সায়েদ (২১), ফজল হক (৬০), গুলফান বিবি (৩০), আতিক মিয়া (২৫), হাবিবুর রহমান (২৫), আবু তালিব (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বশির মিয়ার ছেলে শিশু জিল্লুর রহমানের সঙ্গে টর্চলাইট নিয়ে অপর এক শিশুর ঝগড়া হয়। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা একে অন্যের প্রতি ইট নিক্ষেপ শুরু করে। এতে উভয়পক্ষের ৪০ জন আহত হন। পরে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, মারামারির ঘটনায় ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একই সঙ্গে ভর্তি আছেন ১২ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জিএম/এসকে




