
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন। এক দিন আগেও সংখ্যা ছিল ৩২। বর্তমানে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং ঢাকার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন নারী মারা গেছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন রোগী।
এর আগে বুধবার রামেক হাসপাতালের ল্যাবে ৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। রাজশাহী জেলার দুজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে সংক্রমণের হার দশমিক ৮২ শতাংশ।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে কারও নমুনায় করোনা ধরা পড়েনি।
জিএম/এসকে




