
জয়পুরহাটে আক্কেলপুর উপজেলা আওয়ালগাড়ী গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলার রায়ে দুই ভাইসহ তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মণ্ডলের দুই ছেলে- সেকেন্দার আলী, শহীদুল ইসলাম ও পার্শবতী ক্ষেতলাল উপজেলার উলিপুর-জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু।
মামলায় জানানো হয়েছে, আওয়ালগাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে আবু তাহেরের সঙ্গে তার দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জেরে গত ২০০৭ সালের পহেলা মার্চ রাতে তার দণ্ডপ্রাপ্ত দুই ভাইসহ ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়নকক্ষে প্রবেশ করে। আসামিরা ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরের দিন আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল আরটিভি নিউজকে বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে আরটিভি নিউজকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
বিবাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানানো হয়েছে।
এমআই/টিআই




