
রাজবাড়ী জেলার একমাত্র বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান সদর উপজেলার আহলাদিপুরে রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার আলাদিপুর এলাকার রাজবাড়ি জুট মিলে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও পাঁচটি ইউনিট। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো যায়নি।
এ কাজে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে বলে আরটিভি নিউজকে জানিয়েছেন, রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো আব্দুর রহমান।
তিনি আরও জানিয়েছেন, পাটের আগুন তাই নিভতে সময় লাগবে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা যায়, উৎপাদন কারখানার ১ নম্বর ইউনিটে তেলের ট্যাঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে পুরো আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শেখ বলেন, এটি শিল্পকারখানা হওয়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
এমআই




