
বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাতেই র্যাব ওই এলাকায় অভিযানে গেলে দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি করেন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থলে এক জলদস্যুর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
র্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা জানা যায়নি। তার মরদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে।
এমআই




