
হাসপাতালে চিকিৎসাধীন বাবার সামনে ছেলেকে নিজ গালে জুতা মারতে বাধ্য করার ঘটনায় মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন উপজেলার যাদবপুর গ্রামের গিয়াস উদ্দিন। তার ছেলে এস এম সরকার হোসাইন ঢাকায় চাকরি করেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত হোসাইন বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান।
অভিযোগ, পরদিন রাত ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ তার তিন কর্মীকে নিয়ে হাসপাতালে যান। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখা নিয়ে সেখানেই হোসাইনের ওপর চড়াও হন তারা। এ সময় হোসাইন আক্রমণাত্মক পরিস্থিতি দেখে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চান। এরপর ছাত্রলীগ সভাপতি নিজের পায়ের জুতা খুলে এগিয়ে দিয়ে হুকুম দেন নিজের মুখে মারতে। উপায় না দেখে হোসাইন নিজের মুখে জুতা দিয়ে আঘাত করেন।
এ দিকে স্বজনদের অভিযোগ এ ঘটনার পর মানসিক কষ্টে শুক্রবার (১০ ডিসেম্বর) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইনের বাবার মৃত্যু হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ জানান, জেলা শাখার জরুরি বৈঠকে মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশের বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে মহেশপুর শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জিএম/এসকে




