
নোয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় সজিব (২৪) নামের এক যুবককে আটক করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) পাঠিয়েছে পুলিশ।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর বলেন, শনিবার (১১ ডিসেম্বর) সকালে কাশেম বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে ঢুকে সজিব ভাঙচুর করে। আমি বিষয়টি সুধারাম মডেল থানা পুলিশকে জানিয়েছি। আটক সজিব মাদকাসক্ত।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় নৌকার কার্যালয়ে হামলার ঘটনায় আটক সজিব মাদকাসক্ত। তাকে সংশোধনের জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে।
জিএম/এসকে




