
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় নৌকার প্রার্থীর বাসায় হামলা করতে গিয়ে ৩ যুবক আটক হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত ৯টায় জুলধা ৫নং ওয়ার্ড কচির মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আটক তিন যুবকই বহিরাগত। এরা নগরীর অক্সিজেন এলাকার বলে জানা গেছে। আটককৃতদের নাম রহিম, কামাল ও সাজ্জাদ।
নৌকার চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক অভিযোগ করে বলেন, আনারসের প্রতীকের প্রার্থী রফিক আহমদের ছেলে রিমু ও তার জামাই আজগরের নেতৃত্বে ৭ থেকে আটজনের একটি দল অস্ত্রসহ আমার বাসায় এসে হামলার চেষ্টা করে। আশপাশের লোকজন তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। এখন পুলিশ তাদের নিয়ে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রফিক আহমদ বলেন, এ ঘটনা বানোয়াট বলে মনে হচ্ছে। আমি এখন জুলধা ১নং ওয়ার্ডে। আমি ১৯৮৮ সাল থেকে নির্বাচন করছি। চার বারের চেয়ারম্যান। কোনোদিন মারামারি করিনি। এবারও আমার আনারসের গণজোয়ার দেখে এসব অপ্রচার শুরু করছে নৌকার প্রার্থী।
কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আল মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জুলধা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হকের বাসায় হামলা করার অভিযোগে স্থানীয়রা তিনজনকে আটক করে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিএম/এসকে




