
রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল, গঙ্গাচড়া ইউপি), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু (আনারস, আলমবিদিতর ইউপি), সদস্য ও বর্তমান চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ (ঘোড়া, গঙ্গাচড়া ইউপি), সদস্য জিল্লুর রহমান (মোটরসাইকেল, মর্ণেয়া ইউপি) ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবার রহমান তারা (আনারস, গজঘণ্টা ইউপি)।
গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জানান, আসন্ন ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এ ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও জানান, গত ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান ও মর্ণেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল কবীর রঞ্জুকে বহিষ্কার করেছে উপজেলা জাতীয় পার্টি। তাদের ২ জনের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বর্তমানে জাতীয় পার্টির কোনো কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে রংপুরের গঙ্গাচড়ার ৯টি ও বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জিএম




