
শেরপুরের নকলা উপজেলার ধনাকূশা গ্রামে অজ্ঞাতনামা যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা সিআইডি ইন্সপেক্টর রাসেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ওই গ্রামের নদীরপাড় নামক নির্জন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর জানান, পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুর জেলা সিআইডি ইন্সপেক্টর রাসেল আহমেদ জানান, নিহত যুবকের গলা কাটাসহ মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
জিএম/এসকে




