
চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের ইপিজেড এলাকার বাবুল আক্তারের ছেলে রাকিব।
র্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল আরটিভি নিউজকে বলেন, চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকার সততা টেলিকম নামে একটি দোকানে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে জন্ম সনদ ও ইউনিয়ন পরিষদের সনদও তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেই দোকানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় ভুয়া জাতীয় পরিপচপত্রসহ ভুয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আটককৃতের রিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআই




