
নরসিংদী শিবপুরে নিখোঁজের ৯দিন পর ধানখেত থেকে রুবেল ভূঁইয়া (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে শিবপুরের মাছিমপুর দক্ষিণ পাড়ার ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মাছিমপুর এলাকার মৃত. কাজল ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
জানা গেছে, নিহত রুবেল ভূঁইয়া গত ৩ ডিসেম্বর রাত ৮টায় বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। পরে রাত ১০টার দিকে বাড়িতে না ফেরায় তার বড় ভাই ও পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে না পেয়ে শিবপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের বড় ভাই আতিক হাসান।
এদিকে রোববার (১২ ডিসেম্বর) বিকেলে শিবপুরের মাছিমপুর দক্ষিণ পাড়ার ধানখেতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে রুবেলের পরিবার ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ নিশ্চিত করেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আইনের প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। তবে মনে করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ড যারা সংঘটিত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
জিএম/এসকে




