
মাদারীপুর সদর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওয়াহিদ তালুকদার (৩৫) মধ্য পেয়ারপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গত শনিবার ওয়াহিদের ভাতিজা রিয়াদের সঙ্গে হাতাহাতি হয় একই এলাকার আকবর তালুকদারের ছেলে সাব্বিরের। এর জেরে সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে সাব্বির ও তার সঙ্গে থাকা কয়েকজন হামলা চালায় ওয়াহিদের ওপর। কুপিয়ে জখম করে ওয়াহিদকে ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের মা সাজেদা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে। তাদের শাস্তির দাবি জানাচ্ছি। যাতে আগামীতে কেউ মানুষ খুন করার সাহস না পায়।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনও নিহতের পরিবার থেকে মামলা করা হয়নি।
জিএম/এসকে




