
মৌলভীবাজারের মনু নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মনু নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বদরুল মিয়ার ছেলে মাহিন মিয়া (৮)।
স্থানীয়রা জানান, শিশু মাহিন তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করত। শনিবার (১১ ডিসেম্বর) থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে রোববার (১২ ডিসেম্বর) সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ মনু নদীতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হয়ত কেউ হত্যা করে নদীতে ফেলে দেয়। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




