
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে কীটনাশক খেয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ওই ইউনিয়নের শিমুলতাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও প্রতিবেশী কৃষক মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৩)।
জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) দুপুরে শিশু দুটি একসঙ্গে খেলা করছিল। একপর্যায়ে ঘরে থাকা গুঁড়া জাতীয় কীটনাশক খাদ্যবস্তু ভেবে উভয়েই খেয়ে ফেলে। এ সময় পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।
জিএম/এসকে




