
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা আরটিভি নিউজকে জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও বাজে মন্তব্য করেন। এতে তাদের মানহানি হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলার আবেদন জমা দিয়েছেন। বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহন করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
জিএম/এসকে




