
ইউপি নির্বাচনে ইভিএম মেশিন হ্যাক ও পোলিং এজেন্টের স্বাক্ষরবিহীন ফলাফল প্রকাশের পর নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছেন এমন দাবি তুলে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাধানগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাধানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় রাজনগড় এলাকার পঞ্চগড় কমিউনিটি সেন্টারে ওই পরাজিত প্রার্থী নিজেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এর আগে তিনি রোববার আইন মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় জেলা নির্বাচন ট্রাইবুন্যাল বরাবর কারচুপি, ইভিএম মেশিন হ্যাক করার অভিযোগ নিয়ে একটি মামলার আবেদন করা হয়েছে।
তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মো. রশিদুল ইসলাম ইভিএম মেশিনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনঃগণনার আবেদন জানিয়েছেন। রিটার্নিং অফিসার বরাবরে লিখিত আবেদনসহ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলাও দায়ের করেছেন ওই প্রার্থী। ওই ইউনিয়নে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী আবু জাহেদ ২০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আবু জাহেদ অসৎ উপায়ের মাধ্যমে কারসাজি করে ইভিএম মেশিন হ্যাকিং করে ফলাফল পরিবর্তন করেছেন।
এর বেশিকিছু কারণ উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, বারবার ইভিএম মেশিন নষ্ট হওয়া, ব্যালট পেপারে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের ফলাফলের চেয়েও দেরিতে ফল ঘোষণা করেন। অনেক ভোটার ভোট দিতে না পারা, পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ইভিএম মেশিনে ভোট নষ্ট হওয়ার তথ্য দেওয়া, ইভিএম মেশিনে ফলাফল না দিয়ে হাতে লেখা ফরমে কেন্দ্রের ফলাফল দেওয়া, ফলাফল সিটে পোলিং এজেন্টদের নাম ও স্বাক্ষর না নেওয়াসহ নানা অভিযোগ করেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবি এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের জানান এ বিষয়ে জেলা নির্বাচন ট্রাইবুন্যালে ১২ ডিসেম্বরে একটি মামলা দাখিল করা হয়েছে। সিনিয়ার সহকারী জজ মো. ইসমাইল আগামী ১৫ ডিসেম্বর মামলাটির গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
আটোয়ারি উপজেলা নির্বাচন অফিসার শহিদুল আলম জানান ইভিএম মেশিন হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। আসলে হ্যাক বিষয়ে অভিযোগ ভিত্তিহীন। ভোটের দিন দুপুরে কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিন ত্রুটি দেখা দেয়। ইভিএম মেশিনের ত্রুটিকালে সময়ে ঢাকা থেকে দুই সদস্যের একটি টিম কাজ করেছিল।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু জাহেদ নৌকা প্রতীকে ৭ হাজার ৩০৬ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম আনারস প্রতীকে ৭ হাজার ১০৩ ভোট পেয়েছেন।
এমআই/টিআই




