
ময়মনসিংহ সদরে একটি মসজিদের দেয়ালের পাশ থেকে ইটচাপা দেওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদরের শম্ভুগঞ্জ এলাকায় গরুহাটা মসজিদের সামনে থেকে গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফারুক হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, দুপুরে ওই মসজিদের সামনে কয়েকটি শিশু খেলা করছিল। ওই সময় দেয়ালের পাশে একটি শপিংব্যাগ দেখে তা হাত দিয়ে সরাতে চেষ্টা করে এক শিশু। ব্যাগটির ভেতর ইট দিয়ে চাপা দেওয়া নবজাতকের মরদেহ দেখতে পেয়ে শিশুটি চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন গিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিকল্পিতভাবে কেউ মসজিদের দেয়াল ঘেঁষে মরদেহটি রেখে গেছে জানিয়ে ফারুক হোসেন বলেন, নবজাতকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মসজিদের পাশে মরদেহ রাখার কারণ জানতে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে।
এমআই/টিআই




