
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাকারমাথা এলাকায় গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাতে কালামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই বাজারের ছয়টি দোকান ও দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর পাকারমাথা এলাকায় কালামপুর বাজারে সোমবার রাত ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ওই বাজারের রিফাত হোসেনের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবদুল আজিজ, হাসান মিয়া, আবদুল হালিম, অঞ্জন বেপারী, শাওয়ান ও রমজান হোসেনের ছয়টি দোকান ও দোকানের ভিতরে থাকা বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমআই/টিআই




