
পটুয়াখালীর দুমকিতে এক কিশোরীরকে (১৩) অপহরণ করে জোরপূর্বক তার নগ্ন ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান হাবিব আকন (২২) ও কামরুল ইসলাম আকন (১৯) নামে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়ার ৫নং ওয়ার্ডের আকন বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে আটককৃত হাবিব ওই এলাকার আবদুল লতিফ আকনের ছেলে এবং কামরুল একই এলাকার আবদুল হক আকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস পূর্বে ওই কিশোরী রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা বখাটে হাবিব আকন ও কামরুল আকনসহ আরও দুই যুবক মিলে ওই কিশোরীর মুখ বেঁধে অপহরণ করে এবং পুকুর পাড়ে নিয়ে তাদের মোবাইল সেট দিয়ে জোরপূর্বক নগ্ন ছবি তুলে এবং সাম্প্রতিক সময়ে ওই কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। কিশোরী এ বিষয়টি তার অভিভাবকদের জানায় এবং ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত রোববার দুমকি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ওইদিন রাতেই বখাটে হাবিব আকন ও কামরুল আকনকে আটক করেন এবং আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।
এ ব্যাপারে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম আরটিভি নিউজকে জানিয়েছেন, ওই কিশোরীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরও হয়েছে। জড়িত অন্যদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।
এমআই/টিআই




