
মানিকগঞ্জে কলেজছাত্রী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়তী সমাদ্দার মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন নিহত সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার, শাশুড়ি গীতা রাণী সরকার, মহাদেব রায়, বিষ্ণুপাল, রঞ্জিত সাহা ও রঞ্জিত ঘোষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের আগস্টে সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার হাত-পা বাঁধা, রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায় আসামিরা। পুলিশ পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সুপ্রিয়ার বাবা সুকুমার চন্দ্র সাহা সদর থানায় তিনজনের নামে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ বিষ্ণুপাল, রঞ্জিত সাহা ও রঞ্জিত ঘোষকে গ্রেপ্তার করে।
আইনজীবী আবদুস সালাম জানান, মানিকগঞ্জ সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি ওই বছরের ২৯ নভেম্বর এ মামলায় অভিযোগপত্র জমা দেন। আদালত ১৪ জনের স্বাক্ষী শেষে দিলীপ সরকার, গীতা রাণী সরকার ও মহাদেব রায়কে মৃত্যুদণ্ড এবং বিষ্ণুপাল, রঞ্জিত সাহা ও রঞ্জিত ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণ না হওয়ায় সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সাহাকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
এমআই




