
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ছাত্রলীগ কর্মী নূরুল আলম রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় দেন। তবে এ মামলার ১৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খোরশেদ, জহির, রকিব, আইয়ুব, দিপু ও ইমন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ইমন ও দিপুকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর নগরের পাঁচলাইশ থানার বিবিরহাটে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় তার ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এদিকে তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তখন পুলিশ জানায়, রাজু এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ছিলেন। মাদক বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে খুন হন তিনি। তবে রাজুর পরিবারের দাবি, রাজু ছাত্রলীগ কর্মী ছিলেন। চাঁদাবাজরা তাকে খুন করেছেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাত বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি উচ্চ আদালতে আসামিরা খালাস পাবেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এ ছাড়া ১৪ জন আসামিকে খালাস দিয়েছেন। দুই আসামির বয়সম কম হওয়ায় অন্য আদালতে মামলা চলমান রয়েছে।
জিএম/এসকে




