
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়। এ সময় সন্তানের রক্তাক্ত শরীর দেখে বাবা মোক্তার হোসেন (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের সিদ্ধিনগর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিদ্দিনগর পশ্চিমপাড়া মহল্লার মৃত বাছির মণ্ডলের ছেলে শাহাদত হোসেন মন্ডল (৩২)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মোক্তার মণ্ডলের ছেলে শাহাদত মণ্ডল ও জলিল মণ্ডলের ছেলে নুরুল ইসলাম (৩২) সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজন একসঙ্গে পুকুর কিনে মাছের ব্যবসা করতেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে অনেক দিন ধরেই মনোমালিন্য চলছিল।
এদিকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ নিয়ে দুজনের সংঘর্ষ হলে নুরুল ইসলাম শাহাদত মণ্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সংবাদ পেয়ে আহত শাহাদতের বাবা ঘটনাস্থলে গেলে ছেলের রক্তাক্ত শরীর দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান। এ সময় আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
নিহতের পরিবারের স্বজনরা জানান, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস-সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তবে ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




