
মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র শিশু-কিশোরসহ স্থানীয় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল জানান, পার্বত্য জেলা পরিষদ পার্ক (হর্টিকালচার সেন্টার) শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর একদিনের জন্য শিক্ষার্থীরা বিনামূল্যে পার্কে প্রবেশ করতে পারবে। এ জন্য শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে আনতে হবে।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে খাগড়াছড়ির রহস্যময় সুড়ঙ্গ আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক শিশু-কিশোরসহ স্থানীয় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব পর্যটন কেন্দ্রে শিশু-কিশোরসহ স্থানীয় পর্যটকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
জিএম/এসকে




