
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদকে বিলুপ্তি ঘোষণা ও শ্রদ্ধাঞ্জলিতে বাধা দেওয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জয় বাংলার পাদদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করতে গেলে আয়োজক কমিটির সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক ড. মো. জাহিদ হাসান মাইকে ঘোষণা করেন বঙ্গবন্ধু পরিষদকে বিশ্ববিদ্যালয়ে এবোলিশ (বিলুপ্তি) ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকরা এর তীব্র প্রতিবাদ করেন এবং স্বপ্রণোদিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ বিষয়ে অনুষ্ঠানের সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক ড. মো. জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, কমিটি পুরনো হয়ে গেছে। তাই নতুন বঙ্গবন্ধু পরিষদ ফুল দেবে, এটাই সবাই চাচ্ছে। তাছাড়া পুরনো বঙ্গবন্ধু পরিষদে অনেক হাইব্রিড লোকজন রয়েছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রশাসন থেকে এমন নির্দেশনা ছিল না। সঞ্চালক কেন বলেছেন সেটা তিনিই বলতে পারবেন।
যোগাযোগ করা হলে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বঙ্গবন্ধু পরিষদকে প্রশাসন বিলুপ্ত করতে পারে না। এটা সংগঠনের বিষয়। আশা করি বিদ্যমান সমস্যা অচিরেই সমাধান হবে।
এমআই/টিআই




