
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, নতুন প্রজন্মকে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে বেশি করে বই পড়তে হবে। বর্তমান প্রজন্ম বই পড়া থেকে দূরে সরে গেছে। পরিবর্তে মোবাইল, ফেসবুক, টুইটারে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে কোনো জ্ঞান লাভ করা যায় না। অথচ, বই পড়া থেকে অর্জিত জ্ঞান মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মনে থাকে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহরের মুক্তির মোড়ে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের দেশের কর্ণধার। তারাই কিন্তু দেশকে নেতৃত্ব দেবে। তাই বেশি বেশি বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পরে মন্ত্রী মেলায় স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন। মেলায় ৩২টি স্টল স্থাপিত হয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমআই/টিআই




