
বগুড়ায় বাসের ধাক্কায় শেখ মো. সিবগাতুল্লাহ (১৬) নামে মোটরসাইকেল এক আরোহী (স্কুলছাত্র) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার দক্ষিণ পাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিবগাতুল্লাহ সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার শাহেদুজ্জামানের ছেলে।
তবে তারা বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় ভাড়া বাসা থাকতো। এ ছাড়া সিবগাতুল্লাহ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। এ ঘটনায় হাসান আলী (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, মোটসাইকেল যোগে সিবগাতুল্লাহ ও হাসান আলী বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আড়িয়াবাজার এলাকার পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিবগাতুল্লাহর মৃত্যু হয়। এ ছাড়া পিছনে বসে থাকা হাসান আলী গুরুতর আহত হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।
এমআই/এসকে




