
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আলিম ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার গোরগ্রাম এলাকায়। সে ওই এলাকার ট্রাক্টর চালক সামসুল হকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে সদর উপজেলার দশমাইল এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটর সাইকেলের অন্য আরোহী মোজাফফর হোসেন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত গ্রামে। সে ওই গ্রামের শহিদুল ইসলাম ওরফে নেন্দর ছেলে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গির আলম খান আরটিভি নিউজকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় একজন তরুণের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটিকে ঘটনাস্থল হতে জব্দ করা হয়েছে তবে চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিআই




