
ঝালকাঠিতে চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর নাম স্থানে সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চালকের নাম আব্দুল সোবাহান খলিফা। তার বয়স ৬০ বছর। তিনি জেলার নলছিটি উপজেলার তীমিরকাঠি গ্রামের বাসিন্দা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, নিজের অটোরিকশা নিয়ে প্রতিদিনের মত গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন বৃদ্ধ চালক সোবাহান। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনটিও গত রাত থেকে বন্ধ পান পরিবারের লোকজন। শনিবার সকালে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গত রাতের যেকোনো সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক আরটিভি নিউজক বলেন, মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআই/এসকে




