
পঞ্চগড়ে লতিফুল (২২) নামে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের বোয়ালিমারি কল্লাকাটা এলাকার বাদাম খেত থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
তার ইজিবাইকটির এখনও সন্ধান মিলেনি। লতিফুল ইসলামের বাড়ি বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের মাগুরাপাড়া এলাকায়। সে ওই এলাকার খামির উদ্দিনের ছেলে। গত ১০ ডিসেম্বর বিয়ে করে সংসার শুরু করে লতিফুল। বিয়ের অল্প কয়েক দিনের মাথায় এই হত্যার ঘটনায় বিভিন্ন রকম সন্দেহের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে।
পুলিশ ও লতিফুলের পরিবার জানায়, শুক্রবার সকালে লতিফুল ইজিবাইক নিয়ে বের হয়ে যায়। সন্ধ্যা ৭টায় তার মা লতিফা বেগম তাকে কল করলে সে জানায় বোদা উপজেলার তেপুকুরিয়া বাজারে একটি ভাড়া নিয়ে গেছে। আধাঘণ্টার মধ্যেই বাড়ি ফিরবে। কিন্তু তারপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় মা লতিফা আবারও কল করেন তার নাম্বারে। এবার ফোন বন্ধ পাওয়া যায়। তারপর তারা বিভিন্ন স্থানে তার খোঁজ নেওয়া শুরু করেন। কিন্তু কোথাও খোঁজ মিলেনি। সকালে বোয়ালিমারি কল্লাকাটা এলাকায় রাস্তার পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর ঘাতকরা ওই স্থানে ফেলে গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এটি ছিনতাই কি না, তা নিশ্চিত করে এখনি বলা যাবে না। আমরা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছি। আশা করি শিগগিরই এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পারব।
এমআই/টিআই




