
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে চুরি করা পদ্মা সেতুর মালামালসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি নৌকায় সাড়ে ৪ হাজার কেজি লোহার গ্যালভানাইজ অ্যাঙ্গেলবার উদ্ধার করে পুলিশ।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে বেশকিছু মালামাল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
জানা গেছে, গত ১৩ জুলাই চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার সময় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ। এতে পদ্মা সেতুর প্রায় এক হাজার ২০০ টন লোহার মালামাল ছিল।
সেতু কর্তৃপক্ষ পর্যায়ক্রমে মালামাল উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকৃত কিছু মালামাল নির্দিষ্ট স্থানে রেখে আসার মাঝখানের ১৫ থেকে ১৬ দিন সময়ের মধ্যে অবশিষ্ট মালামাল চুরি করে নিয়ে আসে এ চক্রটি।
এমআই/এসকে




