
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) শাহজামালের ভাতিজা মাহাবুব সরকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হয়, পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভগবতীপুর ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার একদিন পর ২৯ নভেম্বর ওই ইউনিয়নের প্রিসাইডিং কর্মকর্তা আবু তোহাব মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় মাহাবুব সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, মাহাবুব সরকারের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়।
এমআই/এসকে




