
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের কবিরাজপাড়া এবং প্রধাণীপাড়ায় এক রাতে আটটি বাড়িতে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অলঙ্কার, মোবাইল ফোন, জামাকাপড় চুরি হয়ে যায়।
ভুক্তভোগীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে সিঁদ কেটে একে একে গ্রামের আটটি বাড়ির ৯টি ঘরে ঢুকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সিঁদেল চোর। হঠাৎ এমন চুরির ঘটনায় হতভম্ব গ্রামটির মানুষ। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কচাকাটা থানা পুলিশ।
চুরি যাওয়া বাড়িগুলোর মালিক কবিরাজপাড়ার মৃত বকিয়ত উল্ল্যার ছেলে নূরুল ইসলাম, নজরুল ইসলাম, আমজাত হোসেন, মৃত দুরবকস কবিরাজের ছেলে কোরবান আলী। প্রধানীপাড়ার মৃত ধোন্দা ইসলামের ছেলে মফিজুল ইসলাম, মোশাদুল ইসলাম, মৃত কাশেম প্রধানীর ছেলে মিজানুর রহমান মিন্টু এবং ব্যবসায়ী মকবুল হোসেন।
নুরুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, তার থাকার ঘরে সিঁদ কেটে চোর ঢুকে নগত ৩৭ হাজার টাকা, স্বর্ণালংকারসহ ৬০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
রেজিয়া পারভীন আরটিভি নিউজকে জানিয়েছেন, তার ঘর থেকে একটি মোবাইল, একটি টর্চলাইট এবং নগদ সাড়ে ৭ হাজার টাকা চুরি হয়েছে।
কোরবান আলীর স্ত্রী আমেনা বেগম আরটিভি নিউজকে জানিয়েছেন, তার সাড়ে ৫হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া মফিজুল ইসলামের একটি মোবাইল, কাপড় চোপড়, মিজানুর রহমান মিন্টুর দুটি মোবাইল ফোন, নগদ ১২শ টাকা চুরি যায়। অন্যান্যদেরও নগদ টাকা এবং মোবাইল ফোন চুরি হয়েছে।
কেদার ইউনিয়নের নবনির্বাচিত ১নং ওর্য়াড সদস্য শফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, একরাতে একসঙ্গে এতগুলো বাড়ি চুরি যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই




