
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ (ভিডিও) করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। দুপুরে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, সোমবার সকালে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল করছিলেন। এ সময় পার্শ্ববর্তী ইউনুছ আলীর ঘর থেকে একই ইউনিয়নের গলনা গ্রামের ফজল শেখের পুত্র সাজু শেখ ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন যুবক তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করে।
ওই শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষিকার স্বামী বাদী হয়ে সাজু শেখসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাজুকে গ্রেপ্তার করে।
ফুলছড়ি থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এমআই/এসকে




