
হুমকি, ভয়ভীতি ও ক্যাম্প ভাঙচুরসহ বেশ কিছু কারনে নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ চেয়ারম্যান প্রার্থী অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ধামইরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম, জাহানপুর ইউনিয়নের ওসমান আলী, ইসবপুর ইউনিয়নের কায়েশ বাদল ও উমার ইউনিয়নের মাসুদ রানা জেলা প্রশাসক হারুন-অর-রশিদের কাছে অভিযোগপত্র জমা দেন।
লিখিত ও মৌখিক অভিযোগে তারা দাবি করেন, গত কয়েকদিন ধরেই ক্ষমতাশীন দলীয় প্রার্থীর লোকজন সাধারণ ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এরইমধ্যে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসতে হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
প্রার্থী বলেন, তারা স্বাধীনভাবে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারছেন না। এভাবে চলতে থাকলে আগামী ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন অভিযোগকারীরা।
এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশিদ আরটিভি নিউজকে বলেন, নওগাঁয় বিগত নির্বাচনগুলো সুষ্ঠ হয়েছে। আগামী নির্বাচনগুলো নিয়ে শঙ্কিত হবার কোনো কারণ নেই। সুষ্ঠ নির্বাচনের জন্য অন্যান্য বাহিনীর পাশাপাশি প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে এসব অভিযোগের বিষয়ে নৌকা মনোনীত ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রত্যেকেই নিজেদের মত করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ তুলে আমাদের ইমেজ নষ্টের চেষ্টা করছেন।
এমআই




