
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের দুই কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর (নৌকা) কর্মীদের বিরুদ্ধে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রর সামনে ওই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহতরা হলেন- জোড়াঘাটা গ্রামের আবদুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ (২৮) ও রাসেল আহমেদ (২৩)।
আহত রাজু আহমেদ আরটিভি নিউজকে জানিয়েছেন, আমরা দুই ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের কর্মী। দুপুরে জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে গেলে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায় নৌকার কর্মীরা। আমাদের দুই ভাইকে ছুরিকাঘাতে জখম করে তারা। একই সময় টুটুল ও মিলন নামে দুজন কিল-ঘুষিতে আহত হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) ইসলাম উদ্দিন জানান, জোড়াঘাটায় ভোটকেন্দ্রে জাল আমার দুই কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আমি ভোট বর্জন করব।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আরটিভি নিউজকে জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে।
এমআই/টিআই




