
সিলেটে আলোচিত পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদ হত্যা মামলার আসামি, বরখাস্ত হওয়া এসআই আকবর ভুঁইয়াসহ ৬ পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পুলিশি প্রহরায় তাদের সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে হাজির করা হয়।
আসামিরা হলেন, বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্ত হওয়া এসআই আকবর, এসআই হাসান, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশীদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।
উল্লেখ্য, সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে ২০২০ সালের ১১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে রায়হানকে গুরুতর আহত অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় রায়হানের স্ত্রী হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা করেন। এরপর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।
জিএম




