
হবিগঞ্জের লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসিসহ ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল প্রতীক) একটি মিছিলের সময়ে অন্য স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সুমন (চশমা প্রতীকের) সমর্থকদের একটি মিছিল মুখামুখি হলে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এমএন/টিআই




