
বিতর্কের মুখে সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মানহানির মামলার আবেদন করেছেন হেফাজত নেতা মামুনুল হকের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলে মামলার আবেদন করা হয়।
বাদীর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ জাকির আবেদন দাখিল করেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আরটিভি নিউজকে বলেন, মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনও এই বিষয়ে কোনো আদেশ হয়নি।
মামলার বাদী ওমর ফারুক জানান, দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে। এছাড়া আসামি করা হয়েছে ডিজিটাল মাধ্যমের টকশোর উপস্থাপক নাহিদ হেলালকেও।
বাদী বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাতনি জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। নাহিদ হেলাল নামে এক উপস্থাপকের টকশোতে সংযুক্ত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জিয়া পরিবারের সম্মানহানির জন্য অপ্রীতিকর এইসব বক্তব্য রেখেছেন ডা. মুরাদ। এসব অভিযোগে দন্ডবিধির তিনটি ধারায় মামলার আবেদন করা হয়েছে।
এমআই




