
বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের জন্য ভূরিভোজের আয়োজন করে দশ হাজার টাকা জরিমানা গুনলেন মেম্বার প্রার্থী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৩নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মোঃ জাকির হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
এ বিষয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, চাঁদপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেন দুপুরে তার বাড়িতে প্রায় দুই হাজার লোকের খাবারের আয়োজন করেন। এমন খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাবার বন্ধ করে দেই। তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন ২০১৬-র মতে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে খাবারের অবশিষ্ট থাকা ৪ পাতিল খাবার মোবাইল কোর্ট জব্দ করে স্থানীয় এতিমখানায় ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ জাকির হোসেন আরটিভি নিউজকে বলেন, ওয়ার্ডে অন্য প্রার্থীরা গরু কেটে খাওয়ালেও তাতে সমস্যা হয়নি। কারণ তারা সরকার দলীয় লোক। আমি আমার কর্মী সমর্থকদের জন্য প্রচার প্রচারণা শেষে খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছিলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিষয়টি প্রশাসনকে ভুল বুঝিয়েছে। প্রশাসন এসে আয়োজন পণ্ড করে দিয়েছেন।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপাশা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
এমআই




