
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সংখ্যা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। শতাধিকের বেশি যাত্রী আহত হয়েছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক জোহর আলী। তিনি বলেন, ‘কীভাবে লঞ্চটিতে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত না করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় লঞ্চ কর্মকর্তাদের কোন ধরনের অবহেলা থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত লঞ্চের কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা তাদের খোঁজ করছি।
তিনি বলেন, হয়তো কর্মকর্তারা অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন না হয় সাঁতরে পালিয়ে গেছেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে আমি রাত থেকেই আছি। এখানে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও উপস্থিত আছেন। নৌপরিবহন প্রতিমন্ত্রীও ঘটনাস্থলে আসছেন। সরকার সবার সঙ্গে আছে। অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
এমএন/টিআই




