
দুর্ঘটনা রোধে বরিশাল নদী বন্দরে ঢাকাগামী সব লঞ্চে অভিযান চালিয়েছে নৌ-পরিবহন অধিদপ্তর। লঞ্চের ইঞ্জিন ও যাত্রীদের নিরাপত্তাসামগ্রী ঠিকভাবে না পাওয়ায় তিনটি লঞ্চে জরিমানা এবং সাতটি লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
গতকাল বিকেলে (৩০ ডিসেম্বর) নৌ-পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বরিশাল নদী বন্দরে এই অভিযান পরিচালনা করেন।
তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় ঢাকাগামী লঞ্চগুলোতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।
অভিযানে লঞ্চের মেয়াদ, অগ্নি নির্বাপণযন্ত্র না পাওয়া, সঠিক নিয়মে বয়া না রাখা ও ইঞ্জিন রুমে যথাযথ নিরাপত্তা সামগ্রী না পাওয়ার অপরাধে এমভি সুন্দরবন-১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবাত ৭ লঞ্চকে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা ২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমআই/টিআই




