
গাজীপুরের কালীগঞ্জে মারুফ ভূঁইয়া ২৩ নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. মিন্টু মিয়া। নিহত মারুফ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের মতিউর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
কালীগঞ্জে থানার এসআই মিন্টু মিয়া পরিবারের বরাত দিয়ে আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়ে মারুফ। সকালে ফজরের নামাজের সময় উঠতে দেরি করায় বড় ভাই ডাকাডাকি করেন। এত ডাকাডাকির পরও না ওঠায় ঘরের জানালা দিয়ে দেখা যায় ঘরের আড়ার সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর ওড়না গলায় পেঁচানো মারুফের মরদেহ ঝুলছে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্বার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে না পারলেও এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এমআই/টিআই




