
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সমর্থন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলাম।সংগঠনটি তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তৈমূর আলম খন্দকারের বাড়িতে কয়েকশ’ হেফাজত নেতাকর্মী গিয়ে এ সমর্থন ঘোষণা দেন।
এ সময় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, তৈমূর আলম খন্দকার শুধু আমাদের প্রার্থী না, তিনি পুরো নগরবাসীর প্রার্থী। তার পক্ষে সবাই আছি। এই যে নামলাম, আমরা জয় না নিয়ে ঘরে ফিরে যাব না।
তিনি বলেন, শুধু আলেম-ওলামা নন, দলমত নির্বিশেষে সবাই তৈমূর আলম খন্দকারের পক্ষে আছেন এবং রাজপথে থাকবেন।
এ সময় তিনি আইভীকে উদ্দেশ্য করে বলেন, তিনবার মেয়র হয়েও নারায়ণগঞ্জকে অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলেছেন তিনি।
৫ মিনিটের বৃষ্টিতেই শহরে ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধতা সৃষ্টি হয়; যা থাকে ঘণ্টার পর ঘণ্টা। ময়লা-আবর্জনা ফেলার একটা জায়গাও করতে পারেনি আইভী রহমান। শহরময় শুধু দুর্গন্ধ।
উল্লেখ্য, স্বতন্ত্র প্র্রার্থী তৈমূর আলমকে সমর্থন দিয়ে এর আগে বিএনপির ৪ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। এদের মধ্যে সাবেক বিএনপির এমপি গিয়াস উদ্দিন ছাড়া বাকি তিনজন তৈমূরের পক্ষে কাজ করছেন।
এমএন/টিআই




