
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫ম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া মনসুরনগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান মুন্সির ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
শনিবার (২৫ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
লিখিত অভিযোগে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান মুন্সি উল্লেখ করেন, ৫ম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১২টিতেই নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। কিন্তু মনসুরনগড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মনোনয়ন জমা দেওয়া থেকেই আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থেকে মনসুরগড় ইউনিয়নের মাজনাবাড়ি বাজারে অবস্থিত আমার দুটি মুদি দোকান ও একটি ফার্মেসি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।নিরাপত্তাহীনতায় আমি পালিয়ে বেড়াচ্ছি। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব।
সরেজমিন কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত মনসুরগড় ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর মালিকানাধীন দোকানে একাধিক তালা ঝুলছে। বাজারে পাহারায় রয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় আবুল হোসেন আরটিভি নিউজকে জানান, চেয়ারম্যান প্রার্থী খলিল মুন্সির দোকানে তালা লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।
নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রাজমোহর আলী আরটিভি নিউজকে জানান, দোকানে তালা দেওয়ার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডা. মো. মাহমুদুল হাসান আরটিভি নিউজকে জানান, এ ধরনের কোনো খবর এখনও পায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




