
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ভোটারের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এবার নিরীহ এলাকাবাসী ও ব্যবসায়ীদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনে দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বড়ধুনাইল বাজারে এ ঘটনা ঘটে। পরে আহতদের স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, বিপুল (১৭), রফিক মাস্টার (৪৫), অমূল (৪০), সানোয়ার (৩৫), সাইফ (২৮), সঞ্চয় (১৮), রিপন (১৯)।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার রূপবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ‘আনারস প্রতীকের’ প্রার্থী আব্দুল মতিনের সমর্থকেরা মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় রূপবাটি ইউনিয়নের বড়ধুনাইল বাজার এলাকায় ভোট চাইতে যান। এ খবর নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ মোল্লা ও তার সমর্থকেরা জানতে পেরে এদিন সাড়ে ১১টার দিকে আব্দুল মজিদ মোল্লার ভাই শেলাচাপড়ি গ্রামের ইউসুফ মেম্বার ও রজবের নেতৃত্বে ১৫টি মোটরসাইকেলে ৩৫ থেকে ৪০ জন নৌকার প্রার্থীর সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড়ধুনাইল বাজারের ভরাহাটবারে অতর্কিত নিরীহ ব্যবসায়ী ও এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
এদিকে হামলা চলাকালে নৌকার প্রার্থীর সমর্থকেরা বড়ধুনাইল বাজারের রজব আলীর দোকান থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সেই সঙ্গে হামলাকারীরা রামদা দিয়ে ওই বাজারের শাওন টেলিকম, সানোয়ার ও সেলিমের দোকানে ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সমবেত হয়ে হামলাকারীদের ধাওয়া দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা হামলাকারীদের একটি মোটরসাইকেল আগুণ দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




