
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার সময় মৃত্যুর মুখ থেকে প্রাণে ফিরে এসেছে একই পরিবারের তিনজন। মা মাধবী কর্মকার, ছেলে শুভ কর্মকার (২৫) ও মেয়ে দেবস্মিতা (১৬)।
জানা গেছে, একই পরিবারের তিনজন অভিযান-১০ লঞ্চের দোতলার কেবিনের যাত্রী ছিল। যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে মেয়ে দেবস্মিতার। তারপর সে মা ও ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। পরে শুভ কেবিনের দরজা খুলেই নিচতলায় ইঞ্জিনরুমের ভেতর আগুন জ্বলতে দেখে। এ সময় তারা পানিতে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে মা মাধবী কর্মকার ও ছেলে সাঁতার জানলেও জানতো না দেবস্মিতা। এ জন্য মেয়ের হাতে একটা কাপড়ের পুঁটলি দেয়। পরে অনেক কষ্টে সাঁতরে কূলে ফেরেন মা, মেয়ে ও ছেলে।
শুভ্র ও দেবস্মিতার বাবা পাথরঘাটা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিনয় ভূষণ কর্মকার। তিনি এ সময় তাদের সঙ্গে ছিলেন না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এ ঘটনায় ৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন শতাধিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিহত ৪২ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা। ২৭ জনের মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় জানাজা শেষে পোটখালী গণকবরে দাফন করা হয়।
জিএম/এসকে




