
কেরানীগঞ্জে একটি পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক এলাকার আজিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রমিক হানিফ (২৫) ও বাড়ির দারোয়ান সাজু ওরফে রাজু (৪০)। হানিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর ও সাজুর বাড়ি গাইবান্ধা জেলার ভাগুরিয়া মধ্যপাড়া এলাকায়।
জানা গেছে, বাড়ির ছাদে থাকা পরিত্যক্ত পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার জন্য শনিবার বেলা ১টার দিকে শ্রমিক হানিফ সেখানে উপস্থিত হন। ট্যাংকের ঢাকনা খুললে গ্যাসের বিষক্রিয়ায় তিনি জ্ঞান হারিয়ে ট্যাংকের ভেতর পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করতে গেলে বাড়ির দারোয়ান হানিফেরও একই পরিণতি হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএম/এসকে




