
উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে আগামীকাল টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ছাড়াও একই সময়ে দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ দফায় টাঙ্গাইল সদর, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে হবে। এ ছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘাটাইল উপজেলায় আনেহলা, ঘাটাইল, দিগড়, দিগড়কান্দি, দেউলাবাড়ী, দেওপাড়া, লোকেরপাড়া; টাঙ্গাইল সদর উপজেলায় করটিয়া, গালা, ঘারিন্দা, দাইন্যা, পোড়াবাড়ি, বাঘিল, মগড়া, হুগড়া, ভূঞাপুর উপজেলায় অর্জুনা, অলোয়া, গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল এবং ফলদা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের বিষয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি উপজেলায় র্যাব এবং ডিবির টিমও কাজ করবেন।
তিনি আরও বলেন, আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। এ লক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সদস্য পদে ৬৪০ জন এবং সংরক্ষিত পদে ২১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন প্রার্থী সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৪৭ জন। ভোটকেন্দ্র ২১৫টি।
জিএম/এসকে




